পুবের কলম ওয়েব ডেস্ক: ফের হাতে চোট পেয়ে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। জানা গিয়েছে, দু'বছর আগে তাঁর এই একই হাতে অস্ত্রোপচার হয়েছিল। অভিনেতার হাসপাতালে ভর্তির খবর পেয়ে তাঁকে দেখতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন:
হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, অভিনেতার হাতে একটি ছোট অস্ত্রোপচার হয়েছে এবং বর্তমানে তিনি ভাল আছেন। গোটা বিষয়টি নিয়ে তিনি খুব বেশি প্রচার চাননি।
মুখ্যমন্ত্রী বলেন, "অস্ত্রোপচারের বিষয়টা তিনি নীরবেই রাখতে চেয়েছিলেন। আমরা কয়েকজন জানতাম, আমাকে জানিয়েই গিয়েছিলেন। আজ আমি দেখে গেলাম, শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।"আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০২৪ সালেও ঠিক এই হাতেই আঘাত পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সেই সময় লুক টেস্টের জন্য একটি টিম এসেছিল।
লিফট খারাপ থাকায় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে বেকায়দায় পড়ে যান তিনি। সেবার হাসপাতালে ভর্তি হয়ে তাঁর অস্ত্রোপচার হয়। সেলাই কাটার পর মুম্বই ফিরে যাওয়ার কিছুদিন পর, শৌচালয় থেকে বেরোনোর সময় তিনি ফের পড়ে যান এবং অস্ত্রোপচার হওয়া জায়গাতেই নতুন করে আঘাত পান। এরপর চিকিৎসকদের পরামর্শে দীর্ঘ দিন বিশ্রাম ও ওষুধের সাহায্যে সুস্থ হয়ে ফের পুরোদমে কাজ শুরু করেছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। এবার ফের সেই পুরনো জায়গাতেই অস্ত্রোপচার হল তাঁর।