সাতসকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল তিন শ্রমিকের। কাজে যাওয়ার পথে শ্রমিকবোঝাই লরিকে পেছন থেকে আরেকটি লরি ধাক্কা মারায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও আটজন শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার থানার বালিয়াপাড়া সংলগ্ন জাতীয় সড়কে। দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে রায়গঞ্জের দুর্গাপুর কমলাই এলাকা থেকে একটি লরিতে চেপে কয়েকজন দিনমজুর কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বালিয়াপাড়া সংলগ্ন জাতীয় সড়কে পৌঁছানোর পর শ্রমিকরা লরি থেকে নামছিলেন। সেই সময় পেছন দিক থেকে মালদার দিকে যাওয়া একটি লরি দ্রুতগতিতে এসে শ্রমিকদের ধাক্কা মারে।
ধাক্কার তীব্রতায় কয়েকজন শ্রমিক ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই গুরুতর আহত এক শ্রমিকের মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে কয়েকজনকে ইটাহার হাসপাতালে ভর্তি করা হয় এবং গুরুতর আহতদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা আরও দুই শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম তপো মার্ডি (৩৭), অলোকা বর্মণ (৪৬) এবং ছেপো বর্মণ (৪৫)।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনায় জড়িত ঘাতক লরিটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে চালক এখনও পলাতক। তাঁর সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।
সকালে কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনায় তিন শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁদের পরিবার ও এলাকায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।