পুবের কলম, ওয়েবডেস্ক: কাবেরী নদীর জলবণ্টন সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদকে কেন্দ্র করে আবার উত্তপ্ত হয়ে উঠল তামিলনাড়ু বিধানসভা। কর্ণাটক সরকারের প্রস্তাবিত মেখেদাতু বাঁধ প্রকল্পকে কেন্দ্র করে শুক্রবার বিধানসভায় মুখোমুখি বাদানুবাদে জড়ান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় এবং বিরোধী দলের নেতা উদয়নিধি স্টালিন। বিধানসভায় বিষয়টি উত্থাপন করে বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিন অভিযোগ তোলেন যে, কর্ণাটকের মেখেদাতু বাঁধ নির্মাণের প্রস্তুতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার।
উদয়নিধি স্টালিন বলেন, "মেখেদাতু বাঁধ নির্মাণের বিষয়ে কর্ণাটক সরকার একের পর এক পদক্ষেপ নিয়ে এগিয়ে চলেছে।
বিরোধী নেতার প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বিজয় জানান যে, মেখেদাতু প্রকল্পের বিরুদ্ধে তামিলনাড়ু বিধানসভায় আগেই সর্বসম্মত প্রস্তাব পাস করা হয়েছে এবং তিনি নিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে রাজ্যের আপত্তির কথা জানিয়েছেন। উদয়নিধিকে উদ্দেশ্য করে বিজয় বলেন, "এখানে নতুন করে সর্বদলীয় বৈঠক ডাকার কোনো প্রয়োজন নেই। মেখেদাতু বাঁধ ইস্যু নিয়ে দয়া করে সস্তা রাজনীতি করবেন না।" তিনি বলেন, "আমাদের যা অবস্থান, তা আমরা প্রধানমন্ত্রীকে লিখিতভাবে জানিয়ে দিয়েছি। রাজনৈতিক ফায়দা তোলা বা কৃতিত্ব নেওয়ার চেষ্টার চেয়ে রাজ্যের স্বার্থরক্ষা করাই আমাদের সরকারের প্রধান লক্ষ্য।"