পুবের কলম, ওয়েবডেস্ক: ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে কর্নাটকের তৎকালীন বিজেপি সরকারের জারি করা শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধকরণের নির্দেশিকা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিল বর্তমান কংগ্রেস সরকার। সরকারের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক এবং সময়োপযোগী বলে স্বাগত জানিয়েছেন কংগ্রেস বিধায়ক রিজওয়ান আরশাদ। তাঁর মতে, এই পদক্ষেপ কেবল কোনো একটি বিশেষ সম্প্রদায়ের জন্য নয়, বরং সমস্ত শিক্ষার্থীর শিক্ষার অধিকার সুনিশ্চিত করার একটি প্রয়াস।

রাজ্য সরকারের এই নতুন নির্দেশিকাকে সাধুবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারকে ধন্যবাদ জানিয়েছেন রিজওয়ান। তিনি বলেন, “আমি কর্নাটক সরকারের এই নতুন নির্দেশকে স্বাগত জানাই।

এটি কেবল হিজাব সংক্রান্ত বিষয় নয়; শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীদের প্রতি যে বৈষম্য তৈরি করা হয়েছিল, তার অবসানের পথ প্রশস্ত হলো।”

শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক বা চিহ্ন ব্যবহারের অধিকার নিয়ে সওয়াল করে রিজওয়ান আরশাদ বলেন, “সে হিজাব হোক বা স্কার্ফ, মঙ্গলসূত্র হোক বা পৈতে—এসবই শতাব্দী প্রাচীন ঐতিহ্য। শিক্ষা প্রতিটি শিক্ষার্থীর মৌলিক অধিকার। যারা নিজেদের ঐতিহ্য অনুসরণ করে, সরকার কীভাবে তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারে? ঐতিহ্য পালনের অপরাধে কাউকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে সরিয়ে রাখা যায় না।”