পুবের কলম, ওয়েবডেস্ক: দেশজুড়ে বিতর্কের ঝড়ে শেষ পর্যন্ত মাথা নত করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। গত ৩ মে অনুষ্ঠিত নিট-ইউজি পরীক্ষা বাতিলের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। প্রশ্নপত্র ফাঁস এবং নানা অনিয়মের ভুরিভুরি অভিযোগ সামনে আসার পর মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে গোটা ঘটনার গভীরে পৌঁছাতে তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।

মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে একটি বিবৃতি জারি করে এনটিএ জানিয়েছে, জাতীয় স্তরের এই পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এবং পরীক্ষার্থীদের আস্থা ফেরাতেই এই সিদ্ধান্ত। বিবৃতিতে বলা হয়েছে, তদন্তকারী সংস্থাগুলির দেওয়া তথ্য এবং এনটিএ-র অভ্যন্তরীণ পর্যালোচনায় এটা স্পষ্ট যে, গত ৩ মে-র পরীক্ষার প্রক্রিয়া বজায় রাখা সম্ভব নয়। ভারত সরকারের অনুমোদনে ৩ মে-র পরীক্ষা বাতিল করা হয়েছে। খুব শীঘ্রই পুনরায় পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে।

নতুন করে অ্যাডমিট কার্ড ইস্যু করার সূচিও এনটিএ-র অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানিয়ে দেওয়া হবে।

পরীক্ষা বাতিল হওয়ায় কয়েক লক্ষ পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। তবে এনটিএ কিছু স্বস্তির খবরও দিয়েছে। নতুন পরীক্ষার জন্য কোনো নতুন রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই।

আগেকার ডেটা এবং সেন্টার চয়েসই কার্যকর থাকবে। পুনরায় পরীক্ষার জন্য কোনো অতিরিক্ত ফি দিতে হবে না। পূর্ববর্তী ফি-ই গ্রাহ্য হবে এবং সরকারের অভ্যন্তরীণ তহবিলের মাধ্যমে এই পরীক্ষা আয়োজন করা হবে।

রাজস্থানের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)-এর তদন্তে উঠে আসা চাঞ্চল্যকর তথ্যের পরই বিষয়টি গুরুত্ব সহকারে দেখে কেন্দ্র। তদন্তের জাল কতদূর বিস্তৃত এবং এই চক্রের মূল পান্ডা কারা, তা খুঁজে বের করতে সিবিআই-কে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এনটিএ জানিয়েছে, তারা সিবিআই-কে সবরকম নথিপত্র এবং কারিগরি সাহায্য দিয়ে সহযোগিতা করবে।