পুবের কলম ওয়েব ডেস্ক: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল সংলগ্ন পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের জেরে নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে।
আরও পড়ুন:
আগামী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে এবং ১৯ অগস্ট সকালে ওড়িশা ও অন্ধ্র উপকূল অতিক্রম করবে। রাজস্থানের জয়সলমের থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখাটি এই নিম্নচাপ অঞ্চলের উপর দিয়ে গিয়েছে। নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও, এর জেরে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের অন্তত ন’টি জেলায় ভারী বৃষ্টি এবং রাজ্যের বাকি অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
আরও পড়ুন:
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গল ও বৃহস্পতিবার কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়ায় সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।
শুক্রবার দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে শনি ও রবিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।আরও পড়ুন:
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। সোমবার উত্তরের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে জলপাইগুড়ি ও মালদহে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার জলপাইগুড়িতে এবং বৃহস্পতিবার কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। শনিবার পর্যন্ত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।