পুবের কলম, ওয়েবডেস্ক: বহুল ব্যবহৃত ডিজিটাল পেমেন্ট মাধ্যম ইউপিআই-এর ওপর পরিষেবা চার্জ বা মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) বসানোর সমস্ত আইনি পথ পরিষ্কার হল কেন্দ্রের। লোকসভায় হট্টগোলের মধ্যে কোনো আলোচনা ছাড়াই ‘পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেমস আইন, ২০০৭’ সংশোধনের জন্য উত্থাপিত বিলটি পাস হওয়ায় ব্যাঙ্ক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের জন্য ইউপিআই লেনদেনে চার্জ ধার্য করার আইনি বাধা দূর হলো। নতুন এই সংশোধনীর মূল উদ্দেশ্য হলো আগের আইনের সেই নির্দিষ্ট ধারাটি বাতিল করা, যা এতদিন ব্যাঙ্ক ও পেমেন্ট সংস্থাগুলোকে ইউপিআই লেনদেনের ওপর এমডিআর চার্জ বসাতে বাধা দিত।
সূত্রের খবর, গ্রাহক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ডিজিটাল পেমেন্ট পরিষেবায় সামান্য চার্জ আরোপের পরিকল্পনা রয়েছে।
ডিজিটাল পেমেন্টে চার্জ বসানোর যৌক্তিকতা তুলে ধরে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মলহোত্রা জানান, পেমেন্ট ব্যবস্থার মতো জনবান্ধব পরিকাঠামোয় ক্রমাগত বিনিয়োগ চালিয়ে যাওয়া অপরিহার্য এবং সেই খরচের জোগান কাউকেই না কাউকেই দিতে হবে। আরবিআই গভর্নর বলেন, "সাধারণ জনগণকে করের মাধ্যমে এই পরিকাঠামোর মূল্য মেটাতে হবে, নয়তো 'ইউজার পেস' মডেল অনুসরণ করে আমাদের মার্চেন্ট ডিসকাউন্ট রেট ধার্য করতে হবে।"