পুবের কলম, ওয়েবডেস্ক: "নিজের মাতৃভাষা না জানা কোনো গর্বের বিষয় নয়, বরং তা একটি অপমান।" চেন্নাইয়ের নিজস্ব বিদ্যালয় ‘থাই সত্য ম্যাট্রিকুলেশন স্কুল’-এর একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখার সময় এই মন্তব্য করে তামিলনাড়ুতে ভাষা কেন্দ্রিক বিতর্ক নতুন করে উসকে দিলেন জনপ্রিয় অভিনেতা ধানুশ। নিজের মাতৃভাষা তামিল শেখা ও চর্চা করার ওপর বিশেষ জোর দিয়ে তিনি শিক্ষার্থীদের প্রতি এই আহ্বান জানান। চেন্নাইয়ের ওই স্কুলে নতুন একটি তিনতলা ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তামিল ভাষায় বক্তব্য রাখছিলেন ধানুশ। সেখানে তিনি নিজের ছাত্রজীবনের অভিজ্ঞতা থেকে শুরু করে বর্তমান সমাজের ভাষার ব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
নিজের ছাত্রজীবনের কথা স্মরণ করে ধানুশ বলেন, "আমি যখন এই স্কুলে পড়তাম, তখন ভালো ইংরেজি বলতে পারতাম না। কিন্তু আমি তামিল খুব ভালো বলতে পারতাম। এখন পরিস্থিতি বদলে গেছে। বর্তমানে আমি যদি ১০ জন মানুষের সঙ্গে দেখা করি, তবে তাঁদের মধ্যে ৮ জনই তামিল পড়তে বা লিখতে জানেন না। তারা ইংরেজিতে কথা বলেন, ইংরেজিতে লেখেন। মাতৃভাষা না জানাটা অত্যন্ত হতাশাজনক।"
বেলজিয়ামে একটি ফরাসি প্রযোজনার চলচ্চিত্রের শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে অভিনেতা বলেন, "শুটিং চলাকালীন আমি সেখানকার মানুষদের জিজ্ঞেস করেছিলাম তাঁরা ইংরেজি জানেন কি না। প্রশ্নটি শুনে তাঁরা বেশ অবাক হন। উল্টে তাঁরা যখন আমাকে জিজ্ঞেস করেন আমি ইংরেজি জানি কি না, আমি 'হ্যাঁ' বলায় তাঁরা বিস্মিত হন। সাধারণত ইংরেজি না জানলে মানুষকে কটাক্ষ করা হয়, কিন্তু সেখানে উল্টোটা দেখেছি। তাঁরা আমাকে বুঝিয়েছিলেন যে—নিজের মাতৃভাষা তো জানা উচিতই, ইংরেজি শেখা কেবল একটি বাড়তি সুবিধা বা 'বোনাস' মাত্র।"