পুবের কলম ওয়েব ডেস্ক: পুলিশ হেফাজতে মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে প্রবল জনরোষের মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে উত্তর ২৪ পরগনার হালিশহরে যাওয়ার পথে তাঁর গাড়ি লক্ষ্য করে জল, কাদা এবং জুতো ছোড়া হয় বলে অভিযোগ। সেই সঙ্গে তাঁকে ঘিরে 'চোর ও ডাকাতরানি' স্লোগানও ওঠে।
আরও পড়ুন:
কাঁচরাপাড়ার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা তৃণমূল কর্মী বিরজু কুমারকে গত শুক্রবার রাতে তোলাবাজি ও মারামারির অভিযোগে হালিশহর থানার পুলিশ গ্রেপ্তার করেছিল।
পরিবারের অভিযোগ, রাতে স্ত্রী দেখা করে আসার সময় তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। কিন্তু ভোররাতে তাঁকে লকআপে অসুস্থ অবস্থায় পাওয়া যায় এবং কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং পুলিশ হাসপাতালে দেহ ফেলে রেখে চলে যায় বলেও পরিবারের তরফে অভিযোগ তোলা হয়েছে।আরও পড়ুন:
এই ঘটনার পর রবিবার দুপুরে দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং উপাসনা চৌধুরীকে সঙ্গে নিয়ে নিহত কর্মীর বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রবল বিশৃঙ্খলা ও বিক্ষোভের মাঝেই তিনি নিহতের স্ত্রীর সঙ্গে কথা বলেন। এই বিক্ষোভের তীব্র নিন্দা করে প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিজেপি ইট ছুড়ে তাঁর গাড়ির ব্যাপক ক্ষতি করেছে এবং রাজ্য এখন গুন্ডাদের হাতে চলে গিয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের পূর্বপরিকল্পিত চক্রান্ত বলে উল্লেখ করেন। পাশাপাশি, পুলিশ হেফাজতে ওই কর্মীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে তিনি রাজ্যের ডিজি এবং পুলিশ কমিশনারের ইস্তফাও দাবি করেছেন।