যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোম বিমানবন্দরে ২৮ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-রোম-ঢাকা রুটের একটি ফ্লাইট। শনিবার দুপুর পর্যন্ত বিমানটি উড্ডয়ন করতে পারেনি। দীর্ঘ অপেক্ষায় অসুস্থ হয়ে পড়েছেন বহু যাত্রী; জায়গার অভাবে অনেকে বিমানবন্দরের মেঝেতেই রাত কাটিয়েছেন।
ফ্লাইটটিতে মোট ২৬০ জন যাত্রী রয়েছেন, যাঁদের মধ্যে প্রায় ১৭০ জন বাংলাদেশি।

যান্ত্রিক ত্রুটির কারণে প্রথমে প্রায় আট ঘণ্টা যাত্রীদের বিমানের মধ্যেই অপেক্ষা করতে হয়। পরে তাঁদের বিমান থেকে নামানো হলেও বাংলাদেশি যাত্রীদের ইতালিতে প্রবেশের অনুমতি না থাকায় হোটেলে নেওয়া সম্ভব হয়নি।
বিমান কর্তৃপক্ষ একটি লাউঞ্জের ব্যবস্থা করলেও সেখানে সব যাত্রীর জায়গা হয়নি। ফলে অনেকে বিমানবন্দরের মেঝেতেই অবস্থান করছেন।
যাত্রীদের অভিযোগ, তাঁদের প্রয়োজনীয় খাবার ও ওষুধের সমস্যাও তৈরি হয়েছে। অনেক ডায়াবেটিক রোগীর ইনসুলিনসহ প্রয়োজনীয় ওষুধ লাগেজে থাকায় তাঁরা সময়মতো ওষুধ নিতে পারছেন না। শিশু ও বয়স্ক যাত্রীদেরও অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে।
এক যাত্রীর অভিযোগ, দীর্ঘ অপেক্ষার পরও খাবার সরবরাহে দেরি হয়েছে এবং লাউঞ্জে জায়গা না থাকায় অধিকাংশ যাত্রীকে মেঝেতে থাকতে হয়েছে।
যদিও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে যাত্রীদের থাকা ও খাবারের ব্যবস্থা করার কথা জানানো হয়েছে।
এদিকে বিমানটির যান্ত্রিক ত্রুটি মেরামতের জন্য বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ারদের একটি দল রোমের উদ্দেশে রওনা হয়েছে। ত্রুটি মেরামত সম্ভব হলে শনিবার রাত ১০টা নাগাদ রোম থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছাড়ার পরিকল্পনা রয়েছে। সে ক্ষেত্রে ৯ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
তবে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী যাত্রীদের প্রায় ৪০ ঘণ্টা রোম বিমানবন্দরে অপেক্ষা করতে হতে পারে। ফ্লাইটে বাংলাদেশি ছাড়াও ইতালি ও কানাডার নাগরিক রয়েছেন। তথ্য সূত্র দৈনিক ইত্তেফাক।