কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। শুক্রবার ৪৮ বছর বয়সী এই নেতা দায়িত্ব গ্রহণ করেন। জুনের রান-অফ নির্বাচনে বামপন্থী প্রার্থী ইভান সেপেদাকে পরাজিত করে ক্ষমতায় আসেন তিনি।

শপথের পর দেওয়া ভাষণে এসপ্রিয়েলা মাদকপাচার ও সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর পাশাপাশি দেশের অর্থনীতিতে আস্থা ফেরাতে ব্যয়সংকোচনমূলক নীতি নেওয়ার অঙ্গীকার করেন।

নির্বাচনী প্রচারে তিনি সরকারি ব্যয় ৪০ শতাংশ পর্যন্ত কমানো এবং তেল-গ্যাস খাতকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এসপ্রিয়েলাকে নির্বাচনের আগে প্রকাশ্যেই সমর্থন জানিয়েছিলেন ট্রাম্প। তবে এর আগে কোনো নির্বাচিত সরকারি পদে দায়িত্ব পালন করেননি এই সাবেক আইনজীবী।

সামরিক ঘাঁটিতে দেওয়া ভাষণে নতুন প্রেসিডেন্ট বলেন, “শৃঙ্খলা, কর্তৃত্ব ও স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার সময় এসেছে।

” একই সঙ্গে তিনি ১৯৯১ সালের সংবিধানের প্রতি আনুগত্যের অঙ্গীকার করে জানান, তিনি দেশের সব মানুষের প্রেসিডেন্ট হিসেবে কাজ করতে চান।

এসপ্রিয়েলা নিজেকে ‘দ্য টাইগার’ নামে পরিচয় দেন। তাঁর জয়কে লাতিন আমেরিকায় ডানপন্থী রাজনীতির ক্রমবর্ধমান জনপ্রিয়তার অংশ হিসেবে দেখা হচ্ছে। অর্থনৈতিক দুরবস্থা ও অপরাধ বৃদ্ধির মধ্যে পেরু, আর্জেন্টিনা, চিলি, ইকুয়েডর, বলিভিয়া ও পানামাতেও সাম্প্রতিক সময়ে কট্টর ডানপন্থী রাজনীতির প্রতি সমর্থন বাড়তে দেখা গেছে।