পুবের কলম ওয়েব ডেস্ক:গত জুন মাসে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই এবং ফেডারেশনের প্রাক্তন সভাপতি স্বরূপ বিশ্বাস। এক মহিলা রূপটান শিল্পী তাঁর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছিলেন। তিনি এও জানিয়েছিলেন যে, ফেডারেশনের কথা না শোনায় তাঁকে দু’বছর কাজ দেওয়া হয়নি। কিন্তু শুক্রবার রাতে হঠাৎ করেই সেই অভিযোগকারিণী ফেসবুক লাইভে এসে পুরো উলটো কথা বললেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, স্বরূপ বিশ্বাস তাঁর কোনো শ্লীলতাহানি করেননি এবং তিনি স্বরূপবাবুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিচ্ছেন।
আরও পড়ুন:
ফেসবুক লাইভে ওই মহিলা দাবি করেন যে, স্বরূপ বিশ্বাসকে তিনি চেনেন না এবং স্বরূপবাবুও তাঁকে চেনেন না। তাঁর অভিযোগ, কিছু মানুষের কথায় প্রভাবিত হয়ে এবং চাপে পড়ে তিনি এই মিথ্যা অভিযোগ করেছিলেন। তিনি জানান, যে অভিযোগপত্রে তাঁর সই ছিল, সেটি তাঁর নিজের লেখা নয়। তাঁর মূল সমস্যা ছিল শান্তনু দে এবং বাপি মালাকার নামে দুই ব্যক্তিকে নিয়ে, যাঁরা তাঁকে বাড়িতে গিয়ে প্রাণে মারার হুমকি দিয়েছিল। মহিলা আক্ষেপ করে বলেন, তিনি এমন কোনো জবানবন্দি দেননি যার ভিত্তিতে স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করা যেতে পারে।
আরও পড়ুন:
বিনা দোষে স্বরূপ বিশ্বাস ৪২ দিন জেল খাটায় ওই রূপটান শিল্পী দুঃখপ্রকাশ করেছেন। তিনি ভিডিওতে বলেন, স্বরূপবাবু অত্যন্ত ভালো মানুষ এবং তিনি মেয়েদের সম্মান করেন। দুজনেই পরিবার ও সন্তানের প্রতি দায়বদ্ধ, তাই বিবেকের দংশনে তিনি নিউ আলিপুর থানায় গিয়ে অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন। ওই মহিলা জানিয়েছেন, তিনি আর কোনো ঝামেলায় জড়াতে চান না, এখন শুধু শান্তিতে নিজের কাজটুকু করতে চান। তাঁর এই আকস্মিক বয়ান বদলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।