পুবের কলম ওয়েব ডেস্ক: শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিএ) ২০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে কঠোর পদক্ষেপ করতে চলেছে প্রশাসন। দীর্ঘ আড়াই বছরের অচলাবস্থা কাটিয়ে আয়োজিত এসজেডিএ-র গুরুত্বপূর্ণ বোর্ড সভার পর পর্যটনমন্ত্রী শংকর ঘোষ জানান, বিগত ১৫ বছরের আয়-ব্যয়ের হিসাবের অডিট করা হবে। পাশাপাশি আধিকারিকদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন প্রশাসনিক তদন্তের জন্য একজন প্রাক্তন বিচারপতির নেতৃত্বে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হবে। এই দুর্নীতিতে যুক্ত নেতা, মন্ত্রী বা আধিকারিক কাউকেই রেয়াত করা হবে না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন।

শুক্রবার দার্জিলিংয়ের জেলাশাসক হরিশংকর পানিক্করের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পর্যটনমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পরিবহণ ও অর্থমন্ত্রী আনন্দময় বর্মন, বিধায়ক শিখা চট্টোপাধ্যায়-সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা।

বিগত বোর্ডের আমলের আর্থিক অনিয়মের বিরুদ্ধে কড়া ব্যবস্থার পাশাপাশি শিলিগুড়ি ও জলপাইগুড়ির নাগরিক পরিষেবা এবং পরিকাঠামোর সার্বিক উন্নয়নে ১০০ কোটি টাকার একটি মেগা প্রকল্পের রূপরেখাও তৈরি করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, বর্ষা মিটলেই রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, পানীয় জল, আধুনিক আলো এবং শ্মশানঘাট সংস্কারের কাজের টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে।

এ ছাড়াও বৈঠকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধূপগুড়ি ও নাগরাকাটার মতো এসজেডিএ-র বাইরে থাকা বিধানসভা কেন্দ্রগুলিকে এর এক্তিয়ারভুক্ত করার জন্য নগর উন্নয়ন দপ্তরের কাছে আবেদন জানানো হবে। সেই সঙ্গে শিলিগুড়ি বাস টার্মিনাসের উলটোদিকে অবস্থিত পুরনো এসজেডিএ ভবনটি ভেঙে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সেখানে একটি নতুন বাণিজ্যিক কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।