ম্যানচেস্টার সিটির মিডফিল্ডে রদ্রিগো হার্নান্দেজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা যত বাড়ছে, ততই তাঁর সম্ভাব্য বিকল্প খোঁজার কাজ জোরদার করছে ইংলিশ ক্লাবটি। স্প্যানিশ তারকা রদ্রি শেষ পর্যন্ত সিটি ছাড়লে তাঁর জায়গায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে নেওয়ার পরিকল্পনা করছে সিটি—এমনই খবর স্প্যানিশ ও ইতালীয় সংবাদমাধ্যমে।
আরও পড়ুন:
রদ্রির দলবদল নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তবে রিয়াল মাদ্রিদের প্রতি তাঁর আগ্রহের খবরের পর সাম্প্রতিক সময়ে বার্সেলোনার দিকেও তাঁর ঝোঁকার গুঞ্জন রয়েছে। কাতালান ক্লাবটি তাঁকে দলে নেওয়ার বিষয়ে ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছে বলেও দাবি করা হচ্ছে।
আরও পড়ুন:
গুরুত্বপূর্ণ এই মিডফিল্ডারকে হারানোর সম্ভাবনা থেকেই বিকল্পের সন্ধানে নেমেছে সিটি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এবং ইতালীয় সাংবাদিক জিয়ানলুকা দি মার্জিওর তথ্য অনুযায়ী, রদ্রি চলে গেলে মিডফিল্ড শক্তিশালী করতে চেলসির এনজো ফার্নান্দেজকে সিটির অন্যতম প্রধান পছন্দ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এনজোর সঙ্গে সিটির কোচেরও পরিচিতি রয়েছে। চেলসিতে একসঙ্গে কাজ করার সময় তাঁর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠেছিল বলে জানা যায়। ফলে আর্জেন্টাইন তারকাকে সিটিতে আনার ব্যাপারে কোচেরও আগ্রহ রয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এদিকে, এনজো নিজেও সম্ভাব্য দলবদলের বিষয়টি বিবেচনা করতে আগ্রহী বলে খবর। তবে চেলসি তাঁর জন্য সন্তোষজনক প্রস্তাব পেলে তবেই আলোচনায় বসতে পারে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন:
তবে এনজোকে দলে নেওয়া সিটির জন্য মোটেও সহজ হবে না। ২০২৩ সালের জানুয়ারিতে বেনফিকা থেকে প্রায় ১২ কোটি ১০ লাখ ইউরো খরচ করে তাঁকে দলে নিয়েছিল চেলসি। বর্তমানে তিনি লন্ডনের ক্লাবটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
ফলে তাঁকে ছাড়তে চেলসিকে রাজি করাতে বড় অঙ্কের অর্থ প্রয়োজন হতে পারে। এখনও পর্যন্ত অবশ্য সিটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার খবর পাওয়া যায়নি।আরও পড়ুন:
এনজো ফার্নান্দেজ ছাড়াও সিটির নজরে রয়েছেন ফরাসি ক্লাব লিলের ১৮ বছর বয়সী প্রতিভাবান মিডফিল্ডার আয়ুব বুয়াদ্দি। ভবিষ্যতের কথা মাথায় রেখে তাঁকে সম্ভাবনাময় বিকল্প হিসেবে দেখা হচ্ছে। তবে অভিজ্ঞতার দিক থেকে এনজো অনেকটাই এগিয়ে থাকায় তাঁকেই বেশি গুরুত্ব দিচ্ছে সিটি।