বিজেপির বিরুদ্ধে নিয়মিত সরব হলেও দলের এক নেতার প্রতি নিজের পছন্দের কথা জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর ‘প্রিয় বিজেপি নেতা’ হিসেবে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের নাম উল্লেখ করেছেন তিনি।
ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ পর্বে এক প্রশ্নের উত্তরে রাহুল বলেন, “আমি ওঁর সঙ্গে খুব ভালোভাবে মিশি। উনি দারুণ মানুষ।

সামরিক ইতিহাস সম্পর্কে ওঁর অসাধারণ জ্ঞান রয়েছে। হ্যালো, আঙ্কেল!”
রাহুলের মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে অমরিন্দর বলেন, তাঁর সম্পর্কে রাহুল ভালো কথা বলেছেন, এটা তাঁর ভালো লেগেছে। তিনি জানান, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছোটবেলা থেকেই চেনেন এবং তাঁদের বাবা রাজীব গান্ধী ছিলেন তাঁর সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু।
গান্ধী পরিবারের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকলেও রাজনৈতিকভাবে তিনি বিজেপির সঙ্গেই থাকবেন বলে স্পষ্ট করেন অমরিন্দর।
এদিকে পাঞ্জাব বিজেপির মুখপাত্র প্রীতপাল সিং বালিয়াওয়াল কটাক্ষ করে বলেন, কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই রাহুল এখন অমরিন্দরকে স্মরণ করছেন।
উল্লেখ্য, ২০২১ সালে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পাশাপাশি দলও ত্যাগ করেন অমরিন্দর। পরে পাঞ্জাব লোক কংগ্রেস গঠন করে ২০২২ সালের নির্বাচনের পর বিজেপির সঙ্গে দলটি একীভূত করেন তিনি।