পুবের কলম, ওয়েবডেস্ক: সংবেদনশীল প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের অভিযোগে ভারতীয় বিমান বাহিনীর (IAF) এক উইং কমান্ডারকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে মামলা রুজু করে অফিসারকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। দিল্লি পুলিশ সূত্রে খবর, এই ঘটনাটি কৌশলগত সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহের লক্ষ্য নিয়ে গড়ে ওঠা একটি বড় ধরনের ট্র্যাপের দিকে ইঙ্গিত করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত উইং কমান্ডার একটি ফিল্ড ইউনিটে কর্মরত ছিলেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক মহিলা তাঁকে হানি-ট্র্যাপে ফেলে এবং ভিডিও কলের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ শুরু করে।
ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ওই কর্মকর্তা ইতিপূর্বেই বিমান বাহিনীর নিজস্ব গোয়েন্দা নজরদারির আওতায় ছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভারতীয় বিমান বাহিনীর গোয়েন্দা শাখা দিল্লি পুলিশকে নির্দিষ্ট তথ্য প্রদান করে এবং একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পরপরই গত ৩১ মে রাতে দিল্লি পুলিশ অভিযান চালিয়ে উক্ত কর্মকর্তাকে গ্রেফতার করে।