পুবের কলম ওয়েব ডেস্ক: শনিবার সকালে হিমাচল প্রদেশের চম্বায় একটি মর্মান্তিক বাস দুর্ঘটনায় ৭ জন যাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন, যাঁদের ইতিমধ্যেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ও আহতরা সকলেই হিমাচল প্রদেশের বাসিন্দা।

প্রশাসন জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ চালক ও কন্ডাক্টর-সহ মোট ১৮ জন আরোহী নিয়ে একটি বেসরকারি বাস বৈরাগড় থেকে চম্বার উদ্দেশে রওনা হয়েছিল। বৈরাগড়-তিসা রোড ধরে প্রায় তিন কিলোমিটার যাওয়ার পর চালুজের কাছে একটি পাহাড়ি বাঁকে চালক নিয়ন্ত্রণ হারান।

এর ফলে বাসটি উলটে প্রায় ১০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর বাসের ছাদ নীচের দিকে এবং চাকা উপরের দিকে থাকায় যাত্রীরা ভিতরে আটকে পড়েন। তাঁদের আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং হোমগার্ড। সকলের সম্মিলিত চেষ্টায় দুর্ঘটনাগ্রস্ত বাসটি থেকে যাত্রীদের উদ্ধার করা হয়।