দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে সিআইডির মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। শনিবার সকাল ১০টা নাগাদ তিনি ভবানী ভবনে পৌঁছন। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সরকারি জমি প্রতারণার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেছিল সিআইডি।

শুক্রবার রাতে টালিগঞ্জের মহাবীরতলায় সুমিতের বাড়িতে গিয়ে নোটিশ দেয় তদন্তকারী সংস্থা। তবে সেই সময় তাঁর দেখা মেলেনি।

নোটিশ পাওয়ার পর শনিবার নির্ধারিত সময়ে ভবানী ভবনে হাজির হন তিনি।

শালবনির জমি মামলায় বেশ কিছুদিন ধরেই সুমিতের খোঁজ করছিল পুলিশ ও সিআইডি। এর আগে তাঁকে খুঁজতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। পরে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও লুকআউট নোটিশ জারি হয়।

এদিকে, সুমিতের বিরুদ্ধে এখনও পর্যন্ত মোট চারটি এফআইআর দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।

এর মধ্যে দুটি মামলায় তিনি আগাম জামিন পেয়েছেন। নতুন করে আরও দুটি মামলা হওয়ায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে দ্রুত শুনানির আবেদন খারিজ করে দেন আদালত।

এবার ভবানী ভবনে হাজির হওয়ার পর সিআইডির তদন্তকারীরা সুমিতকে জিজ্ঞাসাবাদ করবেন এবং তাঁর বক্তব্য রেকর্ড করা হবে। শালবনির জমি সংক্রান্ত মামলায় তাঁর ভূমিকা নিয়েই মূলত তদন্ত এগোবে বলে জানা গিয়েছে।