যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক চাপ মোকাবিলায় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাল ইরান। একই সঙ্গে বাইরের শক্তির ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের সামরিক ও কৌশলগত সক্ষমতার ওপর ভরসা করার বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে আরাঘচি দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনী বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও উন্নত সামরিক শক্তির মোকাবিলায় নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে।

মুসলিম দেশগুলোর ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “মুসলিমরা যখন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, তখন বাইরের যেকোনও অশুভ শক্তির চ্যালেঞ্জ সরাসরি মোকাবিলা করা সম্ভব।” তাঁর মতে, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিজেদের শক্তির ওপর নির্ভর করার সময় এসেছে।

আরাঘচির বার্তা, “এখন সময় এসেছে নিজেদের ওপর আস্থা রাখার এবং সত্যিকারের ভ্রাতৃত্বকে আলিঙ্গন করার।”

গত কয়েক মাস ধরে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তীব্র সামরিক উত্তেজনা চলছে। ইরানের ভূখণ্ডে হামলার জবাবে তেহরানও উপসাগরীয় অঞ্চলসহ বিভিন্ন জায়গায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।

এই পরিস্থিতিতে আরাঘচির মন্তব্যকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উদ্দেশে ইরানের কৌশলগত বার্তা হিসেবেই দেখছে রাজনৈতিক মহলের একাংশ। দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় পশ্চিমা সামরিক উপস্থিতির বিরোধিতা করে আসছে তেহরান। এবারও তাঁর বক্তব্যে বিদেশি নির্ভরতা কমিয়ে আঞ্চলিক ঐক্য ও সহযোগিতার ওপর জোর দেওয়ার বার্তাই উঠে এসেছে।