পুবের কলম ওয়েব ডেস্ক: এনসিপিআই জোটে যোগ দেওয়া নিয়ে রাজনৈতিক জল্পনার মাঝেই নিজেদের অবস্থান স্পষ্ট করলেন দলের দুই সংখ্যালঘু সাংসদ আবু তাহের এবং খলিলুর রহমান। শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে পূর্বনির্ধারিত সাক্ষাতের পর তাঁরা সাফ জানিয়ে দেন, এনডিএ-র নামে ডাকা কোনও বৈঠকে তাঁরা উপস্থিত থাকবেন না। তবে এনসিপিআই সাংসদ হিসেবে আমন্ত্রণ পেলে তাঁরা বৈঠকে যোগ দিতে প্রস্তুত। রাজনীতিকে একটি জটিল বিষয় আখ্যা দিয়ে আবু তাহের জানিয়েছেন, প্রতিদিন তাঁরা এই জটিলতার মধ্যে দিয়েই এগোচ্ছেন এবং তা কাটিয়ে ওঠাই তাঁদের মূল লক্ষ্য।

বর্তমানে এনসিপিআইয়ের ২০ জন সাংসদের মধ্যে আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠানকে নিয়ে একটি বিশেষ রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। এই তিন সাংসদ যে কেন্দ্রগুলি থেকে নির্বাচিত হয়েছেন, সেখানে সংখ্যালঘু ভোটারের সংখ্যা অনেকটাই বেশি। ফলে এনডিএ জোটে শামিল হলে তা সাধারণ ভোটারদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা রয়েছে। এই কারণেই তাঁরা এনডিএ-র বৈঠকগুলি এড়িয়ে চলছেন, যদিও শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা একটি বৈঠকে তাঁরা উপস্থিত ছিলেন।

শনিবার নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে নিজেদের কেন্দ্র ও রাজ্যের নানা সমস্যার পাশাপাশি সংখ্যালঘুদের বিভিন্ন সংকটের কথাও তুলে ধরেন এই দুই সাংসদ। মুখ্যমন্ত্রী তাঁদের সমস্ত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। নিজেদের বর্তমান অবস্থান সম্পর্কে আবু তাহের স্পষ্ট জানিয়েছেন, খাতায়-কলমে এনসিপিআই এখনও আনুষ্ঠানিকভাবে কারও শরিক দল নয়। এমনকি, এখনও তাঁদের নামের পাশে এআইটিসি বা তৃণমূল কংগ্রেসের নামই লেখা থাকে। আগামী দিনে তাঁদের রাজনৈতিক পদক্ষেপ ঠিক কী হবে, তা তাঁরা ভবিষ্যতেই স্থির করবেন বলে জানিয়েছেন।