নাজির হোসেন লস্কর: মগরাহাট থানার পুলিশের বড়সড় সাফল্য। শুক্রবার রাতে যুগদিয়া গ্রাম পঞ্চায়েতের পিয়াদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১২২ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনায় দু'জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে মাদক মজুতের খবর পেয়ে মগরাহাটের সিআই শাহাবুদ্দিন মণ্ডল এবং থানার ওসি সজলকুমার রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় অভিযান চালায়।

রাতের অন্ধকারে জলনিকাশি খাল ও মাঠঘাট পেরিয়ে চলে তল্লাশি অভিযান। সেই সময় পাঁচটি বস্তার মধ্যে প্যাকেটবন্দি অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেন পুলিশকর্মীরা।
শনিবার সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি চন্দ্রশেখর বর্ধন জানান, শুক্রবার রাতের অভিযানে প্রায় ১২২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। ঘটনায় ফরিদুল পিয়াদা ও সাইদুর রহমান মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।
এই মাদক পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সুপার সাধারণ মানুষের উদ্দেশ্যে আবেদন জানান, মাদকদ্রব্য বা অন্য কোনও অপরাধ সংক্রান্ত তথ্য কারও কাছে থাকলে নির্দ্বিধায় পুলিশকে জানান। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দেন তিনি। সাধারণ মানুষ এগিয়ে এলে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে জানান পুলিশ সুপার। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) অভিষেক মজুমদার, এসডিপিও বিজয় কুমার যাদব, সিআই শাহাবুদ্দিন মণ্ডল, ওসি সজল কুমার রায়–সহ তদন্তকারী অফিসাররা৷