উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: শনিবার সকালে নরেন্দ্রপুর থানার অন্তর্গত গড়িয়া-লস্করপুর ৩১ নম্বর ওয়ার্ডের একটি পুকুরে এক মহিলার মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা পুকুরের জলে দেহটি ভাসতে দেখে বিষয়টি দ্রুত নরেন্দ্রপুর থানার পুলিশকে অবহিত করেন। খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম শিবানি ব্যানার্জি (৪৪)। ঠিক কী কারণে বা কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
তদন্তের স্বার্থে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই পুকুরে মৃতদেহ উদ্ধারের নেপথ্যে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।আরও পড়ুন:
মৃতার ছেলে মানিক ব্যানার্জি জানিয়েছেন, মা জলে পড়ে গিয়ে মারা গিয়েছেন। তিনি আরও বলেন, মা সাঁতার কাটতে জানতেন না এবং দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর চিকিৎসা চলছিল এবং নিয়মিত ওষুধও সেবন করতেন তিনি।
তবে পুকুরে মৃতদেহ পাওয়ার এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।আরও পড়ুন:
এলাকার বাসিন্দা বিশু দাশ বলেন, সকালে পুকুরে একটি দেহ ভাসতে দেখা যায়। স্থানীয় লোকজন বিষয়টি লক্ষ্য করে পুলিশকে খবর দেন। কীভাবে এই ঘটনা ঘটল, তা স্থানীয়রা বুঝে উঠতে পারছেন না। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।