কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের আরোপ করা নতুন নিয়ন্ত্রণ মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো পথ নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া।
ইরানি সেনাবাহিনীর এই কর্মকর্তা দাবি করেছেন, হরমুজ প্রণালিতে ইরানের নতুন নিয়ন্ত্রণ “অপরিবর্তনীয়”। যুক্তরাষ্ট্র এই ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করলেও তাতে কোনো লাভ হবে না। বরং এমন পদক্ষেপ নেওয়া হলে বর্তমান ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তিনি।
হুমকির সুরে আকরামিনিয়া বলেন, “বর্তমান পরিস্থিতি মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো উপায় নেই। অন্যথায় অতীতে তারা যে ক্ষতির মুখোমুখি হয়েছিল, এবার তার চেয়েও অনেক বেশি মূল্য দিতে হবে।”
এদিকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে একটি সমঝোতা চূড়ান্ত হওয়ার পথে বলে জানা গেছে। তবে তেহরান জানিয়েছে, শুধু ওই চুক্তি হলেই প্রণালিটি পুরোপুরি উন্মুক্ত হবে না।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত অভিযোগ করেছে, হরমুজ প্রণালিতে ইরানের সামরিক বাহিনী আবুধাবির আরও একটি জাহাজে হামলা চালিয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ। ইরান ও ওমানের মধ্যে সম্ভাব্য চুক্তিকে চলমান সংঘাত নিরসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। একটি মার্কিন কর্মকর্তার দাবি, চুক্তি হলে স্বাভাবিক তেল পরিবহন আবার শুরু হওয়ার পথ খুলতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া সংঘাতের মধ্যে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখন মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ও সামরিক উত্তেজনার অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছে।