পুবের কলম ওয়েব ডেস্ক: ইউপিআই লেনদেনে বাড়তি মাশুল চাপানোর যাবতীয় জল্পনা উড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। শনিবার অর্থ মন্ত্রকের তরফে স্পষ্ট জানানো হয়েছে, দু'জন ব্যক্তির মধ্যে ইউপিআই লেনদেন আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। লোকসভায় সদ্য পাশ হওয়া ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭ সংশোধনী’ বিলের জেরে সাধারণ মানুষের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা দূর করতেই এই বিবৃতি দেওয়া হয়েছে।
মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, বাণিজ্যিক বা মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রেও সিংহভাগ পরিষেবা বিনামূল্যেই মিলবে।

 সরকার জানিয়েছে, ভবিষ্যতে যদি মার্চেন্ট ডিসকাউন্ট রেট চালুও করা হয়, তবে তা নির্দিষ্ট সীমার ঊর্ধ্বের সীমিত কিছু লেনদেনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

এই চার্জের পরিমাণ হবে নামমাত্র এবং তা ডেবিট বা ক্রেডিট কার্ডের এমডিআর-এর তুলনায় অনেকটাই কম হবে। ঢালাওভাবে সমস্ত ইউপিআই লেনদেনের উপর এই মাশুল চাপানো হবে না।

মূলত ইউপিআই পরিকাঠামোর দীর্ঘমেয়াদী স্থায়িত্ব, প্রযুক্তিগত উন্নয়ন এবং সাইবার জালিয়াতি রুখতেই এই সংশোধনী বিল আনা হয়েছে। কেন্দ্রীয় সরকারের মতে, শুধুমাত্র ভর্তুকির উপর নির্ভর করে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে শক্তিশালী করা সম্ভব নয়। ভবিষ্যতে গ্রাহকদের আরও সুরক্ষিত ও উন্নত পরিষেবা দিতে এই ক্ষেত্রে লগ্নি এবং একটি স্বনির্ভর রাজস্ব মডেল গড়ে তোলা একান্ত প্রয়োজন।