পুবের কলম, ওয়েবডেস্ক: মহিলা সংরক্ষণ আইন বাস্তবায়নে বিলম্ব এবং একে লোকসভার সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। কেন্দ্রীয় সংসদীয় বিষয় সংক্রান্ত মন্ত্রী কিরেন রিজিজুর 'বিনাশর্তে সমর্থনের' আহ্বানের কড়া জবাব দিয়ে তিনি অবিলম্বে কোনো শর্ত ছাড়াই এই আইন কার্যকরের দাবি জানিয়েছেন।
রাহুল গান্ধির একটি ভিডিও বার্তায় বলেন, মহিলাদের মতামত প্রকাশের সুযোগ ছাড়া দেশের রাজনীতি এবং সামগ্রিক বিকাশ অসম্পূর্ণ। রাহুলের এই বক্তব্যকে ইতিবাচক আখ্যা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সামাজিক মাধ্যম 'এক্স'-এ লেখেন, "কংগ্রেসের পক্ষ থেকে এটি একটি ইতিবাচক বার্তা মনে হচ্ছে।
রিজিজুর এই মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানান রাহুল গান্ধি। তিনি লেখেন, "শ্রী রিজিজু, সংসদীয় বিষয় সংক্রান্ত মন্ত্রী হিসেবে আপনার চেয়ে ভালো আর কে জানবেন যে মহিলা সংরক্ষণ বিল ২০২৩ ইতিপূর্বে কংগ্রেসের পূর্ণ সমর্থনে সর্বসম্মতভাবে পাস হয়েছিল। প্রশ্ন হলো, তিন বছর পার হয়ে যাওয়ার পরেও কেন এটি বাস্তবায়িত হয়নি এবং কেন আপনারা এখন এটিকে অনাবশ্যকভাবে সীমানা পুনর্নির্ধারণের সাথে যুক্ত করতে চান? কোনো শর্ত ছাড়াই ২০২৩ সালের আইনটি বাস্তবায়ন করুন।"
কংগ্রেসসহ সমস্ত বিরোধী দল মহিলা সংরক্ষণের পক্ষে সমর্থন জানালেও বিষয়টিকে লোকসভার আসন সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে প্রস্তাবিত সীমানা পুনর্নির্ধারণ বা 'ডিলিমিটেশন' প্রক্রিয়ার সাথে যুক্ত করার তীব্র বিরোধিতা করেছে। বিরোধীদের মূল দাবি হলো, নারী সংরক্ষণ কার্যকর করার প্রক্রিয়াকে সীমানা পুনর্নির্ধারণ থেকে সম্পূর্ণ আলাদা করতে হবে, যাতে নারীরা অবিলম্বে প্রতিনিধিত্বের অধিকার পান।