মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পর শনিবার কলকাতা পুরসভা এলাকার স্কুলগুলির মিড-ডে মিলে খিচুড়ির সঙ্গে দেওয়া হল সিদ্ধ ডিম। সঙ্গে ছিল মিষ্টি গজা। পাতে ডিম ও মিষ্টি পেয়ে স্বাভাবিকভাবেই খুশি পড়ুয়ারা।

কলকাতার পুরসভা এলাকার স্কুলগুলিতে সম্প্রতি মিড-ডে মিল সরবরাহের দায়িত্ব পেয়েছে ইসকন। নতুন ব্যবস্থায় পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবারের ওপর জোর দেওয়া হচ্ছে।

মেনুতে খিচুড়ি, সবজি, পনির, রাজমা ও সয়াবিনের মতো খাবার রাখা হয়েছে।

ইসকনকে দায়িত্ব দেওয়ার পর খাবার সম্পূর্ণ নিরামিষ হওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশেষ করে পড়ুয়াদের পুষ্টির জন্য ডিম রাখার দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে। সেই বিতর্কের মধ্যেই শনিবারের খাবারে সিদ্ধ ডিম যুক্ত হওয়ায় স্বস্তি ফিরেছে।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, খাবারের গুণমান ও পরিচ্ছন্নতার দিকেও নজর দেওয়া হচ্ছে। আপাতত স্কুলের সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ডিম সরবরাহ ও পরিবেশনের দায়িত্ব দেওয়া হয়েছে।