জেন জি-র আন্দোলনের প্রশংসা করে তরুণ প্রজন্মকে বার্তা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ‘ছাত্রো কি গুঞ্জ’ অনুষ্ঠানে তিনি বলেন, “তোমরা সেই কাজ করে দেখিয়েছ, যা তোমাদের বাবা-মায়েরাও পারেননি। তোমরা ভয়কে জয় করতে শিখেছ।”

শিক্ষাব্যবস্থার অনিয়ম, প্রশ্নফাঁস ও বেকারত্ব নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে রাহুলের অভিযোগ, শিক্ষার পিছনে পরিবারগুলি বিপুল অর্থ খরচ করলেও ডিগ্রি পাওয়ার পর চাকরির নিশ্চয়তা নেই।

তাঁর দাবি, তরুণ প্রজন্মকে কর্মসংস্থানের বদলে ‘রিল’-এর নেশায় ডুবিয়ে রাখা হচ্ছে।

নাম না করে যন্তর মন্তরের ছাত্র আন্দোলনের প্রসঙ্গও তোলেন রাহুল। তাঁর কথায়, “যুবসমাজ নিজেদের ভিতরের ভয়কে জয় করেছে। অন্ধকারের মধ্যে আলোর মশাল জ্বালিয়েছে।

” অহিংস আন্দোলনের মাধ্যমে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার পরিবর্তনের ডাকও দেন তিনি।

রাহুলের এই কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “রাহুলের উচিত ছিল প্রয়াগরাজে না গিয়ে ঝাড়খণ্ডে যাওয়া।” তাঁর দাবি, ঝাড়খণ্ডে পরীক্ষার অনিয়ম নিয়ে পড়ুয়ারা আন্দোলন করছেন। তাই সেখানে গিয়ে তাঁদের পাশে দাঁড়ানোই বিরোধী দলনেতার উচিত ছিল।