পুবের কলম ওয়েব ডেস্ক: বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার জেরে এখনই দক্ষিণবঙ্গে দুর্যোগ কমার কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবারও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন:
মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও নতুন করে কোনও সতর্কতা নেই। তবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৭ থেকে ১১ সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে।
শুক্র ও শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুরেও। সমুদ্র উত্তাল থাকার কারণে এবং ৫৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। রবিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত উপকূলে ১.১ থেকে ১.৩ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যদিও সোমবার থেকে মৎস্যজীবীদের জন্য আর কোনও নিষেধাজ্ঞা থাকছে না।আরও পড়ুন:
অন্যদিকে, উত্তরবঙ্গে আপাতত বড়সড় দুর্যোগের পূর্বাভাস না থাকলেও নিয়মিত ঝড়বৃষ্টি চলবে।
রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পাশাপাশি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবারও উত্তরের কয়েকটি জেলায় এই সতর্কতা বহাল থাকবে। বুধবার ফের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। সপ্তাহের বাকি দিনগুলিতে উত্তরবঙ্গের আটটি জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।