পুবের কলম, ওয়েবডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ‘ছত্তিশগড় খ্রিস্টান ফোরাম’-এর ৭৫ বছর বয়সী সভাপতি অরুণ পান্নালালকে গ্রেফতার করেছে রায়পুর পুলিশ। শুক্রবার রাতে তাঁকে গ্রেফতারের পর শনিবার আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হংসরাজ গোয়েল নামক এক ব্যক্তির ফেসবুক পোস্টে একটি ‘অত্যন্ত আপত্তিকর’ মন্তব্য করেছিলেন অরুণ পান্নালাল। উক্ত মন্তব্যের পর বিজেপি মুখপাত্র অমিত চিমনানি স্ক্রিনশট ও প্রয়োজনীয় লিঙ্কসহ রায়পুরের সিভিল লাইন্স থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
 
অভিযোগের ভিত্তিতে পুলিশ অরুণ পান্নালাল ও হংসরাজ গোয়েল—উভয়ের বিরুদ্ধে ‘ভারতীয় ন্যায় সংহিতা’-র একাধিক ধারায় এফআইআর রুজু করেছে।

তাঁদের বিরুদ্ধে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা উসকে দেওয়া, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা এবং শান্তি ভঙ্গের উদ্দেশ্যে অপমান করার মতো একাধিক অভিযোগ আনা হয়েছে। সিভিল লাইন্স থানার ভারপ্রাপ্ত পরিদর্শক আমন দেওয়ানগন জানিয়েছেন, "শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। শনিবার তাঁকে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।" এফআইআর দায়েরের পর বজরং দলের একদল সমর্থক রায়পুরে অরুণ পান্নালালের বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর চেষ্টা করলেও রায়পুর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
 
১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ‘ছত্তিশগড় খ্রিস্টান ফোরাম’ রাজ্যটির সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের ওপর নির্যাতন, অধিকার রক্ষা ও সামাজিক নানা ইস্যুতে অত্যন্ত সোচ্চার একটি সংগঠন। অরুণ পান্নালাল দীর্ঘদিন ধরে রাজ্যে খ্রিস্টানদের ওপর হিংসার ঘটনার বিরুদ্ধে সরব হয়ে আসছেন।