পুবের কলম, ওয়েবডেস্ক: রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায় আট বছরের এক শিশুকন্যাকে চেতনানাশক খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠল। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভুক্তভোগীর এক প্রতিবেশীকে পুলিশ গ্রেপ্তার করেছে। শ্রীগঙ্গানগরের পুলিশ সুপার হরি শঙ্কর নিশ্চিত করেছেন, অভিযুক্তকে ইতিপূর্বে গ্রেপ্তার করা হয়েছে এবং পকসো আইন ও ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় পদ্মপুর থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার বিকেলে শিশুটি নিজের বাড়ির কাছের একটি পার্কে দোলায় চড়তে গিয়েছিল।
কিছুক্ষণ পর এক আত্মীয় পরিবারকে খবর দেন যে শিশুটি পার্কের ভেতরে অচেতন অবস্থায় পড়ে রয়েছে।পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে স্থানীয় একটি সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শ্রীগঙ্গানগর শহরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শিশুটি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
এই ঘটনাকে "নৃশংস ও ভয়াবহ" আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এক বিবৃতিতে তিনি বলেন, নিজের বাড়ির কাছেই একটি পার্কে খেলতে গিয়ে একটি ছোট শিশুকে চেতনানাশক খাইয়ে নির্যাতন করা অত্যন্ত উদ্বেগজনক। বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে গেহলট দাবি করেন, গত আড়াই বছরে রাজস্থানে মহিলা ও শিশুদের নিরাপত্তা দিতে রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই ধরনের ঘটনা রাজ্যে আইনশৃঙ্খলা ব্যবস্থার অবনতিকেই স্পষ্টভাবে তুলে ধরছে বলে অভিযোগ করেন তিনি।