পুবের কলম, লখনউ: মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমি প্রাঙ্গণে ‘কার সেবা’ করার আহ্বানে সাড়া দিয়ে আসা একদল মানুষকে রবিবার পথেই আটকে দিল পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাঙ্গণে কোনো ধরনের নতুন ধর্মীয় আচার বা বিতর্কিত কার্যকলাপ নিষিদ্ধ করে দেওয়া উচ্চ আদালত ও সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতেই এই পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। ঘটনাকে কেন্দ্র করে শ্রীকৃষ্ণ জন্মস্থান কমপ্লেক্স ও তার আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। অনুমতি ছাড়া কাউকে ওই এলাকার দিকে যেতে দেওয়া হচ্ছে না।

মথুরার শহর পুলিশ সুপার রাজীব কুমার জানান, শ্রীকৃষ্ণ জন্মভূমি প্রাঙ্গণে আসার জন্য একটি সংগঠনের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছিল, কিন্তু প্রশাসনের তরফ থেকে এর কোনো অনুমতি দেওয়া হয়নি। তিনি বলেন, "এমন মানুষদের দেখা মাত্রই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয় এবং তাঁদের নিজ নিজ থানা এলাকায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়।" পুলিশ সুপার আরও স্পষ্ট করেন, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে যাতে সেখানে কোনো বেআইনি কাজ না হয় এবং কোনো নতুন প্রথার সূচনা না ঘটে। আদালত ও প্রশাসনের সেই নির্দেশিকাই কড়াভাবে পালন করা হচ্ছে।
বিষয়টি বর্তমানে আদালতের নজরদারিতে রয়েছে এবং সেই অনুযায়ী নিরাপত্তা সুসংহত করা হয়েছে।
 
আটকে দেওয়া ব্যক্তিদের মধ্যে মথুরার বাইরের লোকও ছিলেন। আগ্রা থেকে আসা মীরা ঠাকুর নামে এক মহিলা ‘কার সেবা’র উদ্দেশ্যে প্রাঙ্গণের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে বাধা দেয়। পুলিশ আধিকারিকরা তাকে আদালতের বিধিনিষেধ সম্পর্কে অবহিত করেন এবং শ্রদ্ধার সঙ্গে তাঁকে ফেরত পাঠিয়ে দেন। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট সমস্ত সংগঠনকে ইতোমধ্যেই আদালতের নির্দেশনার বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছিল এবং তারা প্রশাসনকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছিল। এরপরও তথ্যের অভাবে যারা সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন, তাঁদের পরিস্থিতি বুঝিয়ে ফেরত পাঠানো হচ্ছে।