পুবের কলম ওয়েব ডেস্ক: কেন্দ্র সরকারের প্রস্তাবিত ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস বিল নিয়ে দড়ি টানাটানি অব্যাহত তামিলনাড়ুতে। এই বিলের বিরোধিতায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের ডাকা সর্বদলীয় বৈঠক বয়কট করল ডিএমকে। ওই বৈঠকে রাজ্যের ৫৭ জন সাংসদের মধ্যে ২১ জন উপস্থিত থেকে বিলের তীব্র বিরোধিতা করেন। তাৎপর্যপূর্ণভাবে এই বৈঠকে গরহাজির ছিল রাজ্যের অপর প্রধান দল এআইএডিএমকে-ও।
আরও পড়ুন:
ঠিক এক দিন আগেই ডিএমকে নেতা তথা তামিলনাড়ু বিধানসভার বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন ১৩১তম সংবিধান সংশোধনী বিলটি সমর্থনের বিপক্ষে সুর চড়িয়েছিলেন। শনিবার দলের রাজ্যসভার সাংসদ কানিমোঝি এক্স-হ্যান্ডলে পোস্ট করে মুখ্যমন্ত্রীর ডাকা এই বৈঠককে কাবেরী জল বিতর্ক থেকে নজর ঘোরানোর ‘প্রহসন’ বলে কটাক্ষ করেন। তিনি জানান, বাদল অধিবেশনে এই বিল পেশ করার বিষয়ে কেন্দ্রের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি বা সংশোধিত খসড়াও তাঁদের হাতে আসেনি। যখন সব দলের অবস্থান ইতিমধ্যেই স্পষ্ট, তখন নতুন করে এই বৈঠকের কোনও যৌক্তিকতা নেই বলেই তিনি দাবি করেন।
আরও পড়ুন:
প্রকাশ্যে বিলের বিরোধিতা করলেও সূত্রের খবর, তিনটি নির্দিষ্ট শর্ত পূরণ হলে বিলটিতে সমর্থন জানাতে পারে এম কে স্ট্যালিনের দল। এই শর্তগুলির মধ্যে রয়েছে প্রতিটি রাজ্যে ৫০ শতাংশ আসন বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া এবং কোন রাজ্যে কত আসন বাড়বে তা প্রকাশ্যে এনে বিলে লিখিত আকারে যুক্ত করা। এর পাশাপাশি অঘোষিত শর্ত হিসেবে স্ট্যালিন পরিবারকে কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে সুরক্ষা দেওয়ার দাবিও রয়েছে। সংসদে ডিএমকে-র ২২ জন সাংসদ রয়েছেন, যাঁদের সমর্থন ছাড়া বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রের পক্ষে এই বিল পাস করানো বেশ কঠিন হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।