পুবের কলম ওয়েব ডেস্ক: দেশভাগের ভয়াবহ ইতিহাস এবং বলিদানকে স্মরণ করতে আগামী ১৪ অগস্ট রাজ্যের প্রতিটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং তাদের অধীনস্থ কলেজগুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের ডাক দিলেন রাজ্যপাল তথা আচার্য আর এন রবি। রবিবার লোক ভবনের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশভাগের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল পশ্চিমবঙ্গ। লক্ষ লক্ষ মানুষের বাস্তুচ্যুত হওয়া থেকে শুরু করে প্রাণহানি এবং বাংলার সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক পরিকাঠামো ধ্বংসের এই অন্ধকার অধ্যায় সম্পর্কে নতুন প্রজন্মের অবগত হওয়া প্রয়োজন। সেই ইতিহাস জানার পাশাপাশি বিভেদকামী শক্তিগুলি সম্পর্কেও পড়ুয়াদের সতর্ক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
১৯৪৭ সালের ১৪ অগস্ট ভারত ভেঙে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল, যার জেরে বিভক্ত হয় অবিভক্ত বাংলা ও পঞ্জাব। অন্যদিকে, ১৫ অগস্ট স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে রাজ্যের বর্তমান সরকারের তরফে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবেই সোমবার, ১০ অগস্ট কলকাতায় এক বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়েছে, যেখানে নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সকাল ১০টায় আকাশবাণী ভবনের সামনে জমায়েতের পর দুপুর ১টার পর ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত এই পদযাত্রা শুরু হবে। বিকাশ ভবনের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচির মূল দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়কে। বিভিন্ন কলেজের সঙ্গে বৈঠক করে পড়ুয়াদের উৎসাহিত করা হয়েছে এবং প্রায় ১০ হাজার পড়ুয়া এই মিছিলে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।