পুবের কলম ওয়েব ডেস্ক: আর জি কর কাণ্ডের পর কেটে গিয়েছে দু'টি বছর। এই আবহে রাজ্যজুড়ে পালিত হল 'অভয়া স্মরণ' অনুষ্ঠান। রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে সরকারি উদ্যোগে নীরবতা পালনের মাধ্যমে নিহত চিকিৎসককে শ্রদ্ধা জানানো হয়। এদিন পানিহাটিতে আয়োজিত এক স্মরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে আর জি কর তদন্ত নিয়ে বেশ কিছু তাৎপর্যপূর্ণ ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের নজরদারিতে আর জি করের ধর্ষণ ও খুনের ঘটনা, হাসপাতাল ভাঙচুর এবং আর্থিক দুর্নীতির তদন্ত করছে সিবিআই।

এই বিষয়গুলিতে রাজ্য পুলিশের হস্তক্ষেপ করার কোনও আইনি সুযোগ নেই। তবে তিনি জানিয়েছেন, একটি নির্দিষ্ট ক্ষেত্রে সিবিআই তদন্ত করছে না, আর সেখানেই রাজ্য পুলিশ তদন্তভার হাতে নেবে। মুখ্যমন্ত্রীর কথায়, সেই জায়গাটি হল শ্মশান ঘাট।

শ্মশানের ঘটনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বিস্তারিত জানিয়ে বলেন, নিয়ম অনুযায়ী শ্মশানে পরিবারের তরফে নির্দিষ্ট খরচ দেওয়ার এবং নথিতে সই করার কথা। কিন্তু অভয়ার ক্ষেত্রে পরিবারের কেউ টাকা দেননি বা সইও করেননি।

তাঁর অভিযোগ, নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি নামের তিন ব্যক্তি মিলে শ্মশানের এই গোটা কাজ সম্পন্ন করেছিলেন। এই শ্মশান-রহস্যের ক্ষেত্রে সিবিআইয়ের কোনও ভূমিকা নেই জানিয়ে মঞ্চে উপস্থিত ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে অবিলম্বে যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি, মুখ্যমন্ত্রী এদিন জানান যে তিনি রত্না দেবীর কাছ থেকে পুনরায় তদন্তের দাবিতে একটি চিঠি পেয়েছেন। সেই চিঠির ভিত্তিতে রাজ্যের মুখ্যসচিব এবং অন্যান্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে ১৯৯৫ সালের স্পেশাল কমিশন অ্যাক্টের আওতায় এই ঘটনার পুনরায় তদন্তের কথা ঘোষণা করেন তিনি। পরিশেষে মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, সাধারণ মানুষ তাঁদের জিতিয়েছে অভয়ার বিচার সুনিশ্চিত করার জন্যই, আর সরকার সেই প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর।