পুবের কলম, লখনউ: উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার বিখ্যাত ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠান 'দারুল উলুম দেওবন্দ'-এর আঙিনায় গঙ্গাজল ঢালার কথা ঘোষণা করেছে কট্টরপন্থী সংগঠন ‘হিন্দু রক্ষা দল’। আগামী ১১ আগস্ট এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সংগঠনটির দাবি, ওই মাদ্রাসা প্রাঙ্গণের নিচে একটি প্রাচীন শিবলিঙ্গ রয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কাউকে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে দেওয়া হবে না।

 
 
জানা গিয়েছে, শনিবার প্রকাশিত একটি ভিডিও বার্তায় হিন্দু রক্ষা দলের উত্তরাখণ্ড রাজ্যের সভাপতি ললিত শর্মা জানান, তাঁদের জাতীয় সভাপতি পিঙ্কি চৌধুরীর নেতৃত্বে সংগঠনের পদাধিকারী ও সমর্থকরা হরিদ্বার থেকে গঙ্গাজল নিয়ে দেওবন্দে যাত্রা করবেন। ললিত শর্মা দাবি করেন, দারুল উলুমের জমিতে প্রাচীন শিব মন্দির রয়েছে—এই মর্মে তারা আগেই সাহারানপুর জেলা প্রশাসনের কাছে তদন্তের আবেদন জানিয়েছিলেন। কিন্তু প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় বাধ্য হয়ে তাঁরা নিজেরাই সেখানে গিয়ে গঙ্গাজল ঢালার সিদ্ধান্ত নিয়েছেন। হিন্দু রক্ষা দলের এই ঘোষণার পর দেওবন্দের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন।
 

দেওবন্দের সার্কেল অফিসার অমিত কুমার সিং স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছেন, কোনো অবস্থাতেই এলাকার শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হতে দেওয়া হবে না। তিনি বলেন, "কাউকেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে দেওয়া হবে না। যে কেউ সাম্প্রদায়িক পরিবেশ বা আইনশৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।" পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেওবন্দ ও সংলগ্ন এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।