পুবের কলম, ওয়েবডেস্ক: ঝাড়খণ্ড লোকসেবা কমিশন (JPSC) এবং ঝাড়খণ্ড কর্মী নির্বাচন কমিশনের (JSSC) বিভিন্ন নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনের ১৭তম দিনে রাজ্য বিধানসভা ঘেরাও অভিযানের ডাক দিল হাজার হাজার চাকরিপ্রার্থী শিক্ষার্থী। সোমবার সকালে পুরানো বিধানসভা চত্বর থেকে নতুন বিধানসভা ভবনের উদ্দেশ্যে শুরু হওয়া এই প্রতিবাদী পদযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় রাঁচি। মিছিল আটকাবারে পুলিশ জলকামান প্রয়োগ করে।
 
বিক্ষোভের মূল নেতৃত্বে থাকা ‘জেপিএসসি-জেএসএসসি রিফর্মস মোর্চা’-র এই পদযাত্রাটি কাকতালীয়ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ৫১তম জন্মদিনে অনুষ্ঠিত হয়।

আন্দোলনের অন্যতম প্রধান মুখ তথা জেএলকেএম নেতা দেবেন্দ্র নাথ মাহাতো, যিনি দাবি আদায়ের লক্ষ্যে টানা ৯ দিন ধরে অনশন চালাচ্ছেন, অসুস্থ শরীর সত্ত্বেও একটি অ্যাম্বুলেন্সে করে এই পদযাত্রায় যোগ দেন। অনশনের কারণে ইতিমধ্যে ১০.৫ কেজি ওজন কমা সত্ত্বেও হাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের ছবি নিয়ে তিনি প্রতিবাদে শামিল হন। আন্দোলনকারীরা হাতে জাতীয় পতাকা ও নানা ধরনের পোস্টার-প্ল্যাকার্ড নিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে এগোতে থাকেন।
 
চার কিলোমিটার দীর্ঘ এই প্রতিবাদী মিছিলে প্রায় দেড় হাজারেরও বেশি র‍্যাপিড অ্যাকশন ফোর্স, ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন, জেলা পুলিশ এবং কিউআরটি জওয়ান মোতায়েন করা হয়েছিল। পুরো এলাকায় জারি করা হয়েছিল ১৪৪ ধারা এবং নিরাপত্তার স্বার্থে শহরের অধিকাংশ স্কুল বন্ধ রাখা হয়।