পুবের কলম ওয়েব ডেস্ক:হালিশহরে নিহত এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়ি লক্ষ্য করে কাদা, জল ও জুতো ছোড়া হয়। ওঠে ‘চোর-ডাকাতরানি’ স্লোগান। রবিবার এই ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ঘটনাটিকে ‘প্রবল জনরোষ’ আখ্যা দিয়ে তিনি স্পষ্ট জানান, এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।

প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে শুভেন্দু বলেন, "এত চুরি করেছেন, তাই চোর তো শুনতেই হবে।" পাশাপাশি, তিনি এই ঘটনাকে আরজি করের ‘অভয়া’ কাণ্ডের সঙ্গেও যুক্ত করেছেন। ৯ আগস্ট অভয়ার মৃত্যুদিনে মমতা কেন নিহতের বাড়িতে গেলেন না, সেই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, "আজ আপনি অভয়ার বাড়িতে যেতে পারতেন।

গলায় গামছা দিয়ে রত্না দেবনাথের কাছে ক্ষমা চেয়ে বলতে পারতেন যে ভুল করেছেন। আমার বিশ্বাস তিনি ক্ষমা করে দিতেন।"

 আরজি করের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, "যেদিন অভয়াকে মেরেছিলেন, প্রমাণ লোপাট করতে গিয়েছিলেন, ১০ লক্ষ টাকা দিয়ে কিনতে গিয়েছিলেন, সেদিন আপনার গাড়িতে কাদা মাখাবে না তো কি ফুল ছুড়বে?"
 প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্দেশে শুভেন্দুর পরামর্শ, জোর করে কারও বাড়িতে ঢোকার চেষ্টা না করে, কেউ সাহায্য চাইলে তবেই যেন তিনি হস্তক্ষেপ করেন। বর্তমান সময়টিকে ‘উন্নয়নের সময়’ বলে উল্লেখ করে স্বাভাবিক জনজীবন ব্যাহত না করার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।