ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত পড়ুয়ারা সরকারের দাবি মানতে নারাজ। সরকার জানিয়েছে, পড়ুয়াদের প্রায় ৯৮ শতাংশ দাবি মেনে নেওয়া হয়েছে এবং তিনটি পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে সিবিআই তদন্তের দাবি মানা হয়নি। এর জেরেই সোমবার বিধানসভা পর্যন্ত মিছিলের সিদ্ধান্তে অনড় আন্দোলনকারীরা।
আরও পড়ুন:
রবিবার রাঁচীতে সরকার ও পড়ুয়াদের মধ্যে বৈঠক হলেও কোনও সমাধানসূত্র মেলেনি।
ছাত্রনেতাদের দাবি, ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের সংস্কার, নিয়োগ পরীক্ষায় অনিয়মের সিবিআই তদন্ত এবং পরীক্ষা ব্যবস্থায় পরিবর্তন—এই দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।আরও পড়ুন:
অন্যদিকে, সরকার জানিয়েছে, সিআইডি তদন্তের পাশাপাশি আর্থিক অনিয়মের অভিযোগে ইডিকে তদন্তের অনুরোধ করা হবে। দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন এবং ৯০ দিনের মধ্যে চার্জশিট দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে। পরীক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের কথাও জানিয়েছে সরকার।
তবে সরকারের এই আশ্বাসে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। সোমবারের বিধানসভা অভিযান ঘিরে রাঁচীতে ইতিমধ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।