পুবের কলম ওয়েবডেস্ক, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁর প্রোস্টেট ক্যানসার হাড় ছাড়িয়ে শরীরের আরও অংশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন ছেলে হান্টার বাইডেন। শুক্রবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবার অসুস্থতা ও পরিবারের মানসিক চাপের কথা তুলে ধরেন তিনি। হান্টারের জানান যে , ৮৩ বছর বয়সী বাইডেন বর্তমানে শারীরিকভাবে দুর্বল এবং ব্যথায় ভুগছেন। তবে অসুস্থতার কারণে তিনি পুরোপুরি জনজীবন থেকে বিচ্ছিন্ন হননি।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে এখনও তিনি আগ্রহী এবং দেশের ভবিষ্যৎ নিয়েও ভাবেন বলে জানান হান্টার।

২০২৫ সালের মে মাসে বাইডেনের প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে। তখন তাঁর দপ্তর জানিয়েছিল, রোগটি আক্রমণাত্মক এবং ইতিমধ্যেই হাড়ে ছড়িয়ে পড়েছে। পরবর্তী সময়ে তাঁর চিকিৎসা ও রেডিয়েশন থেরাপি চলে।

বাবার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন হান্টার।

তিনি বলেন, বাইডেন সাধারণত নিজের শারীরিক কষ্ট নিয়ে অভিযোগ করেন না। কিন্তু পরিবারের সদস্যদের জন্য তাঁর এমন অসুস্থতা দেখা অত্যন্ত কঠিন। এদিকে সাক্ষাৎকারে নিজের জন্য বাবার দেওয়া ক্ষমা নিয়েও অনুশোচনা প্রকাশ করেন হান্টার। ২০২৪ সালের ডিসেম্বরে বাইডেন তাঁকে ২০১৪ সাল থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বিভিন্ন ফেডারেল অপরাধের জন্য পূর্ণ ও নিঃশর্ত ক্ষমা করেছিলেন। এর আগে ছেলেকে ক্ষমা করবেন না বললেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলান তিনি। হান্টারের মতে, ওই সিদ্ধান্ত তাঁর বাবার রাজনৈতিক উত্তরাধিকার এবং দেশের জন্য ভালো ফল বয়ে আনেনি।