পুবের কলম, ওয়েবডেস্ক: ইসরাইল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে শিগগিরই যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে শান্তি সংলাপ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি জানান, আগামী সপ্তাহ কিংবা তার পরের সপ্তাহেই এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্রাম্পের দাবি, গত ৪৪ বছরের মধ্যে এই প্রথম ইসরায়েল ও লেবাননের মধ্যে এমন উচ্চপর্যায়ের বৈঠক হতে চলেছে। তাঁর কথায়, এই সংলাপের মাধ্যমেই দুই দেশের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর ইতিবাচক আলোচনা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতেই দুই দেশ ১০ দিনের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, এই যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৫টা থেকে কার্যকর হওয়ার কথা।

যদিও ট্রাম্পের এই ঘোষণার পরও ইসরায়েল বা লেবাননের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ফলে যুদ্ধবিরতি এবং সম্ভাব্য শান্তি সংলাপ নিয়ে আন্তর্জাতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে ওঠে। তার দু’দিন পর থেকেই লেবাননে পৃথক বিমান হামলা শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সেই উত্তেজনার আবহেই এবার শান্তি আলোচনার উদ্যোগের কথা সামনে এল।