পুবের কলম ওয়েবডেস্ক, জম্মু-কাশ্মীরের প্রত্যন্ত গ্রামের স্কুল শিক্ষকের ছেলে আকিব নবী এবার ইতিহাস গড়লেন। ২৯ বছর বয়সী এই অলরাউন্ডারই জম্মু-কাশ্মীর থেকে প্রথম ক্রিকেটার হিসেবে ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া দুই টেস্টের সিরিজে জসপ্রীত বুমরাহর বদলি হিসেবে তাঁকে দলে নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
বারামুলা জেলার একটি ছোট গ্রামে বেড়ে ওঠা আকিবের ক্রিকেট জীবন শুরু হয়েছিল সীমিত সুযোগ-সুবিধার মধ্যেই। তাঁর বাবা গুলাম নবী দার পেশায় স্কুলশিক্ষক।
ছেলে ক্রিকেটে সময় নষ্ট না করে পড়াশোনা করে চিকিৎসক হোক—শুরুতে এমনটাই চেয়েছিলেন তিনি। কিন্তু ক্রিকেটের প্রতি ছেলের গভীর আগ্রহ দেখে পরে নিজের সিদ্ধান্ত বদলান।ছোটবেলায় ভালো মাঠ ও পরিকাঠামোর অভাবে অনুশীলনের জন্য আকিবকে প্রায় ৭০ কিলোমিটার দূরে শ্রীনগরে যেতে হতো। প্রথম ক্রিকেট ট্রায়ালে যাওয়ার সময় তাঁর নিজের স্পাইক জুতাও ছিল না। তবু পরিশ্রমে খামতি রাখেননি।
প্রায় ১০ বছর ধরে ভোরে জিম করে দিনের বাকি সময় অনুশীলন চালিয়ে গেছেন।২০২০ সালে জম্মু-কাশ্মীরের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় তাঁর। ২০২৪-২৫ মরশুমে ৪৪ উইকেট নিয়ে প্রতিযোগিতার সেরা পেসার হন। পরের মরশুমে ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে রঞ্জি ট্রফির সর্বোচ্চ উইকেট শিকারি হন তিনি। তাঁর অসাধারণ বোলিংয়ে ৬৭ বছর পর প্রথমবার রঞ্জি ট্রফি জেতে জম্মু-কাশ্মীর।
আরও পড়ুন:
এরপর আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ৮৪ কোটি রুপির চুক্তি হয় তাঁর। আইপিএলে সুযোগ সীমিত হলেও লাল বলের ক্রিকেটে তাঁর পারফরম্যান্স নজর কাড়ে নির্বাচকদের।
আরও পড়ুন:
জম্মু-কাশ্মীরের প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার পারভেজ রসুল বলেছেন, আকিবের এই সাফল্য শুধু একজন খেলোয়াড়ের অর্জন নয়, গোটা অঞ্চলের ক্রিকেটের জন্য ঐতিহাসিক মুহূর্ত। তাঁর বিশ্বাস, আকিবের পথচলা কাশ্মীরের অসংখ্য তরুণকে বড় স্বপ্ন দেখার সাহস জোগাবে।
আরও পড়ুন:
দীর্ঘ শীত, তুষারপাত, সংঘাত ও সীমিত পরিকাঠামোর কারণে জম্মু-কাশ্মীরে ক্রিকেটের বিকাশ বরাবরই বাধার মুখে পড়েছে। সেই বাস্তবতায় আকিবের ভারতীয় টেস্ট দলে জায়গা পাওয়া তাই আরও তাৎপর্যপূর্ণ। বারামুলায় এখন যেখানেই যান, গুলাম নবীকে মানুষ গর্ব করে বলেন—‘এই তো আকিবের বাবা।’