জরুরি অবস্থার সময় জেল খাটা ৩২৫ জনকে ‘লোকতন্ত্র সেনানী’ সম্মান দিল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। রবিবার নবান্নে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁদের হাতে তাম্রপদক ও সম্মানপত্র তুলে দেন। পাশাপাশি প্রত্যেককে মাসে ১০ হাজার টাকা সম্মানভাতা দেওয়ার ঘোষণা করেন তিনি।
সরকারের তরফে জানানো হয়েছে, স্বীকৃত ‘লোকতন্ত্র সেনানী’দের সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য বছরে ১ হাজার টাকা সহায়তা এবং সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধাও দেওয়া হবে। কোনও সম্মানপ্রাপকের মৃত্যু হয়ে থাকলে তাঁর স্বামী বা স্ত্রী এই সুবিধা পাবেন।
আরও পড়ুন:
অনুষ্ঠানে জরুরি অবস্থার সময়ের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তবে এই সম্মান ঘিরে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। বিরোধীদের একাংশের দাবি, জরুরি অবস্থার সময় আরএসএসের ভূমিকা নিয়ে ঐতিহাসিক বিতর্ক রয়েছে এবং তৎকালীন সময়ে সংগঠনের শীর্ষ নেতৃত্বের সরকারের সঙ্গে যোগাযোগ ও চিঠিপত্রের বিষয়টিও নথিভুক্ত রয়েছে।
আরও পড়ুন:
অন্যদিকে, মুখ্যমন্ত্রী দাবি করেন, জরুরি অবস্থায় পশ্চিমবঙ্গ থেকে প্রায় ৫ হাজার মানুষ-সহ দেশজুড়ে প্রায় এক লক্ষ মানুষকে জেলে রাখা হয়েছিল। ‘লোকতন্ত্র সেনানী সঙ্ঘ’-এর দীর্ঘদিনের দাবির ভিত্তিতেই এই স্বীকৃতি ও সুবিধা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী তাপস রায়-সহ রাজ্য সরকারের একাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।