পুবের কলম ওয়েব ডেস্ক: জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে চলতি গ্রীষ্মে পশ্চিম ইউরোপজুড়ে রেকর্ড মাত্রার তাপপ্রবাহ, খরা ও ভয়াবহ দাবানল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হতে থাকা এই মহাদেশটি সদ্য সমাপ্ত জুন ও জুলাই মাসে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা পার করেছে।

আবহাওয়াবিদরা বলছেন, এই তীব্র গরম ও শুষ্ক আবহাওয়া দাবানল ছড়িয়ে পড়ার জন্যও অত্যন্ত অনুকূল পরিবেশ তৈরি করেছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে দাবানল-সহায়ক চরম আবহাওয়ার ঘটনা ক্রমেই বাড়ছে।
 ফ্রান্স ও স্পেন সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ দাবানলের মোকাবিলা করেছে।

এ ছাড়া ইউরোপের আরও কয়েকটি দেশ, পাশাপাশি যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চল ও কানাডাতেও বড় বড় দাবানলের ঘটনা ঘটেছে।
কোপার্নিকাসের তথ্য অনুযায়ী, পশ্চিম ইউরোপে গত জুন ও জুলাই মাসের গড় তাপমাত্রা ছিল ২১.৬২ ডিগ্রি সেলসিয়াস, যা ২০২২ সালের তাপমাত্রার রেকর্ডকে ভেঙে দিয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই অস্বাভাবিক গরমের প্রধান কারণ হিসেবে নজিরবিহীন শক্তিশালী ‘এল নিনো’ এবং জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিজ্ঞানীরা। এল নিনো হলো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি প্রাকৃতিক উষ্ণ পর্যায়, যা সাময়িকভাবে সমুদ্রের পানির তাপমাত্রা বাড়িয়ে খরা বা বন্যার মতো চরম আবহাওয়ার সৃষ্টি করে। এর সঙ্গে বায়ুমণ্ডলে থাকা মানুষের সৃষ্ট গ্রিনহাউস গ্যাসের ক্রমবর্ধমান উপস্থিতি এই উষ্ণায়নকে আরও ত্বরান্বিত করছে।