পুবের কলম ওয়েব ডেস্ক: সোমবার সকালে ৭.৪ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া। মার্কিন ভূতত্ত্ব সর্বেক্ষণ (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিট নাগাদ এই জোরাল কম্পন অনুভূত হয়। তবে এই প্রাকৃতিক বিপর্যয়ে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। পাশাপাশি কোনও সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
আরও পড়ুন:
ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎসস্থল ছিল কলম্বিয়ার চোকো বিভাগের সান হোসে দেল পালমারের প্রায় ৫ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে ১০৭ কিলোমিটার গভীরে।
কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পার্শ্ববর্তী দেশ ভেনেজুয়েলা সীমান্তেও তা টের পাওয়া যায়। চোকো অঞ্চলের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোবা-কুরি জানিয়েছেন, এই ঘটনায় কুইবদো শহরে বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া বহু বাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু বাড়ির একাংশ ভেঙেও পড়েছে।আরও পড়ুন:
দক্ষিণ আমেরিকার অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হল কলম্বিয়া। একাধিক টেকটোনিক প্লেট এবং প্রধান চ্যুতিরেখার কাছাকাছি অবস্থানের কারণেই দেশটির বিভিন্ন অঞ্চলে প্রায়ই এমন কম্পন অনুভূত হয়। কলম্বিয়ার জিওলজিক্যাল সার্ভিসের রিপোর্ট অনুযায়ী, বিশেষ করে আন্দিজ ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মতো এলাকায় এর আগে শতাধিক ধ্বংসাত্মক ভূমিকম্প আঘাত হেনেছে।