পুবের কলম ওয়েব ডেস্ক: হালিশহরে পুলিশি হেফাজতে তৃণমূলকর্মী বিরজু কেওটের মৃত্যুর ঘটনায় কড়া ব্যবস্থা নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নিহতের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করার পর, পুলিশের গাফিলতি স্বীকার করে নিয়ে বড়সড় শাস্তিমূলক পদক্ষেপের কথা ঘোষণা করেন তিনি।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনায় তদন্তকারী পুলিশ আধিকারিক (আইও)-কে সাসপেন্ড করা হয়েছে এবং হালিশহর থানার আইসি-কে ‘ক্লোজ়’ করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। একইসঙ্গে, পুলিশি হেফাজতে মৃত্যুর প্রোটোকল মেনে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
উত্তর ২৪ পরগনার জেলাশাসক শিল্পী গৌরীসারিয়া এই তদন্তভার সামলাবেন এবং এর অগ্রগতি নিয়মিতভাবে মুখ্যমন্ত্রী ও মৃতের পরিবারকে জানানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে এবং দোষী পুলিশকর্মীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন।আরও পড়ুন:
নিহতের পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্যের ঘোষণাও করেন শুভেন্দু অধিকারী। পরিবার আবেদন না করলেও, বাড়িতে থাকা দুই শিশুর ভবিষ্যতের কথা ভেবে স্বরাষ্ট্রমন্ত্রীর তহবিল থেকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মৃতের স্ত্রীকে আগামী এক বছর প্রতি মাসে ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং তারপর তাঁকে স্বরাষ্ট্র দপ্তরে ‘অ্যাটেনডেন্ট’ হিসেবে গ্রুপ-ডি পদে চাকরি দেওয়া হবে।