পুবের কলম, ওয়েবডেস্ক: অযোধ্যার রাম মন্দিরে অনুদান চুরির অভিযোগের সুষ্ঠু ও উচ্চপর্যায়ের তদন্তের দাবিতে রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের উদ্দেশ্যে পদযাত্রার ডাক দিয়েছেন প্রায় ৫০০ সাধু ও ধর্মীয় নেতা। সোমবার কম্পিউটার বাবা এবং প্রকাশানন্দ গিরি মহারাজের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। 
 
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১১টায় মান্ডি হাউসের নেপাল দূতাবাসের কাছ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগোবে। সেখানে সাধু ও ধর্মীয় নেতারা প্রধানমন্ত্রী মোদির কাছে একটি স্মারকলিপি জমা দেবেন।

অনুদান চুরির ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানানো হবে।
 
প্রতিবাদ মিছিলের আয়োজকরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, "সারা দেশ থেকে ৫০০ জনেরও বেশি শ্রদ্ধেয় সাধু, মহন্ত এবং মহামণ্ডলেশ্বররা শ্রী রাম মন্দির সম্পর্কিত অনুদান তছরুপ ও চুরির প্রতিবাদে শান্তিপূর্ণভাবে এই স্মারকলিপি প্রদান করবেন। আমরা চাই একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসুক এবং অপরাধীদের শাস্তি হোক।" 
 
উল্লেখ্য, যে দিন সুপ্রিম কোর্টে রাম মন্দিরের অনুদান তছরুপের ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তের আর্জি জানিয়ে দায়ের করা একটি আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে, ঠিক সেই দিনই সাধুদের এই পদযাত্রা আয়োজিত হচ্ছে। অন্যদিকে, রাম মন্দির অনুদান চুরি নিয়ে লোকসভায় জরুরি আলোচনার দাবি জানিয়ে সোমবার একটি মুলতুবি প্রস্তাবের নোটিশ দিয়েছেন কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল।