পুবের কলম ওয়েব ডেস্ক: জ্বালানি সংকটের পর এবার কাঁচামালের দামের ঊর্ধ্বমুখী গ্রাফের জেরে রাজ্যে পাউরুটির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশন। আগামী ১৭ আগস্ট থেকে সাধারণ বাজারে এই নতুন দাম কার্যকর হতে পারে বলে জানানো হয়েছে। মূলত ময়দা, চিনি থেকে শুরু করে ভোজ্য তেলের দাম কুইন্টাল প্রতি মারাত্মক হারে বেড়ে যাওয়ার কারণেই বাধ্য হয়ে এই মূল্যবৃদ্ধির পথে হাঁটছেন বেকারি মালিকরা।

ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, এক পাউন্ড অর্থাৎ ৪০০ গ্রাম পাউরুটির দাম একধাক্কায় চার টাকা বাড়ানো হচ্ছে। এর ফলে এক পাউন্ড পাউরুটির বর্তমান দাম ৩২ টাকা থেকে বেড়ে হবে ৩৬ টাকা।

একইভাবে, ২০০ গ্রাম বা হাফ পাউন্ড পাউরুটির দাম দু'টাকা বৃদ্ধি পাবে। পাশাপাশি, ১০০ গ্রামের প্লেইন পাউরুটির দাম দেড় টাকা বাড়িয়ে দশ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ২০২৪ সালের ৩০ জানুয়ারি শেষবার পাউরুটির দাম বৃদ্ধি পেয়েছিল এবং এতদিন সেই দামেই বাজারে বেকারি সামগ্রী বিক্রি হচ্ছিল।

গত এক মাসে বেকারি শিল্পের কাঁচামালের দাম মারাত্মক ভাবে বৃদ্ধি পেয়েছে। অ্যাসোসিয়েশনের দাবি অনুযায়ী, কুইন্টাল প্রতি ময়দার দাম ৬০০ টাকা, চিনির দাম ১০০০ টাকা এবং ভোজ্য তেলের দাম ৮০০ টাকা পর্যন্ত বেড়েছে।

এছাড়া প্যাকেজিংয়ের খরচও প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। বেকারি সংস্থার চিফ এক্সিকিউটিভ আরিফুল ইসলাম জানিয়েছেন, জ্বালানি ও কাঁচামালের দাম এতটা বেড়ে যাওয়ায় বেকারি সংস্থাগুলি লাভের মুখ দেখতে পারছে না। এর ফলে বহু সংস্থা বন্ধ হওয়ার মুখে এসে দাঁড়িয়েছে। তাই ব্যবসায় লোকসান ঠেকাতে পাউরুটির দাম বাড়ানো ছাড়া তাঁদের কাছে আর কোনও উপায় নেই। নিত্যদিনের প্রাতরাশের অন্যতম প্রধান উপাদান পাউরুটির এই মূল্যবৃদ্ধিতে সাধারণ মধ্যবিত্তের পকেটে যে ভালোই টান পড়বে, তা বলাই বাহুল্য।