পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লিতে নিট প্রশ্নফাঁস বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে অত্যন্ত আপত্তিকর ও বিতর্কিত মন্তব্য করার অভিযোগে আরএসএস ভাবাদর্শী টি জি মোহনদাসকে আটক ও পরবর্তীতে গ্রেফতার করেছে কেরল পুলিশ। রবিবার সন্ধ্যায় কোচি শহরের মাতানচেরির কুভাপ্পাডাম এলাকার বাসভবন থেকে তাঁকে হেফাজতে নেয় তিরুবনন্তপুরম সাইবার পুলিশের একটি দল। অভিযুক্ত মোহনদাসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওটি জনশান্তি বিঘ্নিত করা ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল—এই মর্মে একটি অভিযোগ দায়েরের পর পুলিশ এই পদক্ষেপ গ্রহণ করে।
 
পুলিশ সূত্র জানায়, গত ২৪ ও ২৫ জুলাই প্রকাশিত ভিডিওতে দিল্লিতে জন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মোহনদাস বিতর্কিত কিছু মন্তব্য করেন। ভিডিওতে তিনি দাবি করেন যে, দিল্লিতে ছাত্রদের এই আন্দোলন "গণধর্ষণের দিকে নিয়ে যেতে পারে" এবং এ নিয়ে কেউ অভিযোগ করবে না কারণ "যারা এই আন্দোলনে অংশ নিচ্ছে তারা ধর্ষণ পছন্দ করে এবং এমন অনেক মেয়ে আছে যারা ধর্ষিত হওয়া উপভোগ করে।

" এখানেই থেমে না থেকে তিনি আরও বলেন, তিনি দায়িত্বে থাকলে অবিলম্বে কার্ফু জারি করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার নির্দেশ দিতেন এবং কথা না শুনলে "দেখা মাত্র গুলির" নির্দেশ দিতেন। এতে কিছু মানুষ মারা গেলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা যেত বলে দাবি করেন তিনি।
 
তিরুবনন্তপুরম সাইবার থানার পুলিশ টিম রবিবার সন্ধ্যায় মোহনদাসের বাড়িতে পৌঁছায় এবং ভিডিও তৈরিতে ব্যবহৃত তাঁর ডিজিটাল সরঞ্জাম ও ইউটিউব অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে রাত পৌনে ৮টা নাগাদ তাঁকে মেডিকেল পরীক্ষার জন্য সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তিরুবনন্তপুরমে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, মামলার গুরুত্ব বিবেচনা করে মোহনদাসকে মুখোমুখি বসিয়ে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে এবং জনপরিসরে শান্তি বিঘ্নিত করার অপরাধে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।