পুবের কলম, ওয়েবডেস্ক: পেট্রোলে ২০ শতাংশ ইথানল মিশ্রণ বা 'ই২০' নীতিকে কেন্দ্র করে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। এই নীতিকে জনগণের পকেট কাটা এবং তাঁদের যানবাহন ধ্বংস করার একটি বড় মাধ্যম হিসেবে বর্ণনা করে তিনি অভিযোগ করেন, ই২০ জ্বালানির বিষয়ে আমূল দুর্নীতি জড়িয়ে রয়েছে।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় রাহুল গান্ধি বলেন, "এই ই২০ বিষয়টি অত্যন্ত মারাত্মক। সাধারণত আমরা বলি ‘ডালে কিছু কালো আছে’, কিন্তু এখানে পুরো ডালটাই কালো।
ই২০ সংক্রান্ত আন্দোলনের বিষয়ে তিনি জানান, "আমাদের কাছে এখন প্রধান সমস্যা হলো এত বেশি পরিমাণে দুর্নীতি হচ্ছে যে, কোন বিষয়টি নিয়ে আগে লড়াই শুরু করব তার একটি দীর্ঘ তালিকা তৈরি হয়ে গেছে। তবে আমরা ই২০ বিষয়টি খুব বড় আকারে সামনে নিয়ে আসব, কারণ এটি মানুষের স্কুটার ও বাইক নষ্ট করছে, জীবন ছারখার করছে এবং সরাসরি মানুষের পকেট থেকে টাকা চুরি করছে।"
ই২০ জ্বালানি নীতির বিরুদ্ধে কেবল কংগ্রেসই নয়, সরব হয়েছে অন্যান্য বিরোধী দলগুলোও। গত মঙ্গলবার আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এবং পার্টির অন্যান্য নেতারা ই২০ মিশ্রিত পেট্রোলের বিরুদ্ধে সংগৃহীত ২.৩ লাখেরও বেশি গণস্বাক্ষর বা পিটিশন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের দিকে পদযাত্রা শুরু করেন। পুলিশ তাঁদের পথ আটকে দিলে তাঁরা পরবর্তীতে ফিরোজ শাহ রোডে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো আম আদমি পার্টির পিটিশনে বলা হয়, সরকারের এই ই২০ নীতির পেছনে "কোনো যুক্তি, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং বা অর্থনীতি নেই।" সরকারের কাছে আপ-এর মূল দাবি দুটি— পেট্রোল পাম্পগুলোতে সাধারণ বিশুদ্ধ পেট্রোল এবং ই২০ পেট্রোলের মধ্যে যেকোনো একটি বেছে নেওয়ার বিকল্প সুযোগ সাধারণ ভোক্তাদের দিতে হবে। ই২০ পেট্রোলের ক্যালোরিফিক ভ্যালু বা শক্তি উৎপাদন ক্ষমতা এবং মাইলেজ কম হওয়ার কারণে এর দাম সাধারণ পেট্রোলের চেয়ে কম নির্ধারণ করতে হবে।