পুবের কলম ওয়েব ডেস্ক: তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি যোগ দেওয়া তিন সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইককে রাজ্যসভার তিনটি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। গত ৬ অগস্ট রাজ্যসভার চেয়ারম্যান এই মনোনয়নে সিলমোহর দিয়েছেন। উল্লেখ্য, এই তিন নেতাই একসময় তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ ছিলেন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তাঁরা সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে শমীক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগদান করেন।

পরবর্তীতে বিজেপির তরফেই তাঁদের ফের রাজ্যসভায় পাঠানো হয়।

নতুন দায়িত্ব অনুযায়ী, সুস্মিতা দেবকে জলসম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। সুখেন্দুশেখর রায় জায়গা পেয়েছেন পার্সোনেল, পাবলিক গ্রিভান্সেস, আইন ও বিচার বিষয়ক কমিটিতে। অন্যদিকে, কনজ়িউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন বা খাদ্য ও গণবণ্টন বিষয়ক কমিটিতে মনোনীত হয়েছেন প্রকাশ চিক বরাইক।

এর ফলে এই তিন নেতা এখন থেকে জলসম্পদ, আইন ও বিচার এবং খাদ্য ও গণবণ্টনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রের সংসদীয় কাজের সঙ্গে সরাসরি যুক্ত থাকবেন।

সংসদীয় এই স্থায়ী কমিটিগুলির মূল কাজ হলো সংশ্লিষ্ট মন্ত্রক ও দপ্তরের কাজকর্মের উপর নজরদারি চালানো। সরকারি নিয়মমাফিক এই কমিটিগুলি নির্দিষ্ট মন্ত্রকের বাজেটের ‘ডিমান্ডস ফর গ্রান্টস’ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে রিপোর্ট পেশ করে। এছাড়া, কোনও বিল বা খসড়া আইন কমিটির কাছে পাঠানো হলে তা পরীক্ষা করে সংসদে রিপোর্ট দেওয়া, মন্ত্রকের বার্ষিক রিপোর্ট এবং দীর্ঘমেয়াদী নীতির নথি পর্যালোচনা করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তারা। তবে মন্ত্রক বা দপ্তরের দৈনন্দিন প্রশাসনিক কার্যকলাপে এই কমিটিগুলি কোনও হস্তক্ষেপ করে না। নতুন এই পদ পাওয়ার ফলে ওই তিন সাংসদ সংশ্লিষ্ট মন্ত্রকগুলির বাজেট, নীতি এবং আইন সংক্রান্ত বিষয়গুলি সরাসরি পর্যালোচনার সুযোগ পাবেন।